আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা।
রোববার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
নতুন দাম কার্যকর হওয়ায় দেশের আবাসিক ও অন্যান্য খাতে এলপিজি ব্যবহারকারীদের বাড়তি ব্যয় বহন করতে হবে। বাজারে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

