চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ও অনিয়মিত লোডশেডিং বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেন।
শিক্ষার্থীরা জানান, বর্তমানে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। কিন্তু দিন-রাত অনিয়মিত ও অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। এতে পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত ফলাফল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তাদের দাবি, শুধু শিক্ষার্থীরাই নয়, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জেলা শহর ও গ্রামাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউট ও আশপাশের এলাকায় অতিরিক্ত ও অপ্রত্যাশিত লোডশেডিং বন্ধ, পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশের দাবি জানান। বিশেষ করে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া বারঘরিয়া, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি বা নেসকোর আওতাভুক্ত করার দাবিও জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলী ও আব্দুর রহিম বক্তব্য দেন। তারা বলেন, পরীক্ষা চলাকালে অতিরিক্ত লোডশেডিং শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা দ্রুত তাদের ছয় দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

