চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির সন্দেহে মো. তারেক ঢালী (১৭) নামে এক কিশোরকে মায়ের সামনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তারেক বর্তমানে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণপাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় শফিক প্রধান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, তারেক ঢালী গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে। দুই ভাইয়ের মধ্যে তারেক বড়। তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তার ছোট ভাই মো. রাসেল (১৩)ও তার সঙ্গে কাজ করে। ছুটিতে বাড়িতে অবস্থানকালে মঙ্গলবার ভোরে পাশের প্রধানীয়া বাড়ির কয়েকজন তাকে ঘুম থেকে তুলে নিয়ে যান বলে অভিযোগ পরিবারের।
আহত তারেকের মা খুকী বেগম অভিযোগ করেন, কোনো ধরনের প্রমাণ ছাড়াই মোবাইল ফোন চুরির সন্দেহে তার ছেলেকে প্রধানীয়া বাড়িতে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তার মাথায় গামছা বেঁধে গরম পানি ঢেলে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে তাকে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছেন। ছেলেকে মারধরের ঘটনায় তিনি অভিযুক্তদের বিচার দাবি করেন। অর্থের অভাবে ছেলের যথাযথ চিকিৎসা করাতে পারছেন না বলেও জানান তিনি।
স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, অসহায় ওই কিশোরকে হত্যার উদ্দেশ্যে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে বলে তারা মনে করছেন। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পরে সোবহান ঢালী, মো. রাকিব প্রধান, শরীফুল ইসলাম ও নবী উল্লাহ পাটোয়ারী তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অভিযুক্ত শফিক প্রধানকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

