‘১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফিরতে দেওয়া যাবে না।’—বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। বিএনপি ও সরকারের পক্ষেই দেশের উন্নয়ন সম্ভব বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় ছিল। এ সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন দেশের উন্নয়নের সুযোগ এসেছে।
শিক্ষার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, শিশুদের জন্য প্রত্যেক ইউনিয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উন্নত মানের মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে নতুন প্রজন্ম মানসম্মত শিক্ষা পায়।
এ সময় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী পাঁচ বছরে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নকে প্রধান লক্ষ্য হিসেবে নেওয়ার কথাও জানান শামা ওবায়েদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার। সঞ্চালনা করেন সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
এ সময় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

