মেহেরপুর শহরের তিনটি পৃথক স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলানো বোমাসদৃশ বস্তুকে কেন্দ্র করে শনিবার সকালে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে জানায়, এগুলো কোনো বোমা বা বিস্ফোরক নয়; বরং অটোরিকশায় ব্যবহৃত সাধারণ সাউন্ড বক্স।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে এই তিনটি বস্তু উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে বক্স আকৃতির একটি বস্তু ঝুলতে দেখে বোমাসদৃশ মনে করে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে নিচে নামায় এবং সুরক্ষার জন্য পানিভর্তি বালতিতে রেখে ব্যাটারির তার বিচ্ছিন্ন করে। পরে পরীক্ষা চালিয়ে সেটি সাউন্ড বক্স হিসেবে নিশ্চিত হওয়া যায়।
এর পরপরই কোর্ট মোড় ও পার্কের সামনে একই ধরনের আরও দুটি বস্তু ঝুলতে দেখা যায়। স্থানীয় পথচারীদের দাবি, সকাল সোয়া নয়টার দিকে পার্কের সামনের বক্সটি থেকে হঠাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, উদ্ধারকৃত তিনটি বস্তুই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি কোনো বোমাসদৃশ কিছু নয় বলে আশ্বস্ত করে তিনি বলেন, কারা বা কী উদ্দেশ্যে এই কাজ করেছে তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

