বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’তে নতুন চারজন নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। আজ শনিবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
মনোনীত চার নতুন স্থায়ী কমিটির সদস্য হলেন— ১. অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ২. আমান উল্লাহ আমান ৩. ফরহাদ হালিম ৪. ইসমাইল জবিউল্লাহ
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যেই এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে, নবমনোনীত এই নেতৃবৃন্দ তাঁদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে দল ও দেশের জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অনন্য অবদান রাখবেন।

