ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এক সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিঝিল জোনের অধীনস্থ বিভিন্ন থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন ধরণের অপরাধে জড়িত থাকার অভিযোগে এবং অপরাধে জড়িত সন্দেহে মোট ৫৮ জনকে গ্রেপ্তার করে নিজ নিজ থানার পুলিশ সদস্যরা।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যানে জানা যায়, পল্টন থানা পুলিশ ১২ জন, মুগদা থানা ১০ জন, মতিঝিল থানা ৯ জন, রামপুরা থানা ৯ জন, শাহজাহানপুর থানা ৯ জন, সবুজবাগ থানা ৫ জন এবং খিলগাঁও থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

