আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তা বৈধ ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। এই মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে ছিলেন অপর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
একই দিন নির্বাচন কমিশনে যাচাই-বাছাই শেষে ১১ দলীয় ঐক্যের মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ হিসেবে গৃহীত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন।

