সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ২১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন ও বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ছয়জন শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৯ জন শিশুর মৃত্যু হলো। এছাড়া একই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হাম আক্রান্ত আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। ফলে গত পাঁচ মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৮ জন শিশুর মৃত্যু নথিভুক্ত করা হলো।
অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক বা হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭ জনে। এর মধ্যে ১৭ হাজার ৮৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন সর্বমোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ জন রোগী, যাদের বড় একটি অংশ সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

