খাবারের থালায় (খদর) খাসির মাংস না পেয়ে কনেকে রেখে একাই বরযাত্রীসহ ফিরে গেলেন জাপান প্রবাসী এক বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এই নজিরবিহীন ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বরের নাম জুনায়েদ, তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় অধিবাসী ও কনেপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার নির্ধারিত সময়ে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে তাকে সাদরে ফুল দিয়ে বরণ করা হয়। তবে শুরুতেই বরণ ডালা ও গেটের ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন তিনি। পরবর্তীতে সব আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত খাবার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিথিদের খাওয়া-দাওয়া শেষে বরের জন্য প্রথা অনুযায়ী বড় থালায় (খদর) খাবার পরিবেশন করা হয়। থালায় খাসির মাংস অনুপস্থিত দেখে তীব্র আপত্তি জানান বর জুনায়েদ। তিনি স্পষ্ট ঘোষণা দেন—খাসির মাংস না দিলে তিনি খাবার স্পর্শ করবেন না এবং বিয়ের কোনো আনুষ্ঠানিকতায়ও অংশ নেবেন না।
এ সময় কনেপক্ষের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। নিজের অনড় দাবির কারণে শেষ পর্যন্ত বিয়ের পর্ব সম্পন্ন না করেই খালি হাতে কনের বাড়ি ত্যাগ করেন বর জুনায়েদ। এ বিষয়ে কনের পিতা শফিক মিয়া আক্ষেপ করে জানান, খাসির মাংস দেওয়ার বিষয়ে তাকে আগে কিছুই জানানো হয়নি; তা সত্ত্বেও তাৎক্ষণিকভাবে বরকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি শোনেননি। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বরের কথাবার্তা ও আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে এবং সামান্য খাবারের দরুন এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।


1 Comment
ssdsadsd