ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠায় ইনামুল মোল্লা (২৬) নামে এক স্থানীয় জামায়াত নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে প্রাথমিকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির পদে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অভ্যর্থনাকারী হিসেবে কর্মরত।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর সঙ্গে ইনামুল মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমনকি ওই নারীর প্রবাসী স্বামী ইনামুলের কর্মস্থলের ব্যবস্থাপকের কাছে ফোন করে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত ইনামুল মোল্লা পলাতক রয়েছেন এবং তার ব্যবহৃত একাধিক মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী জানান, প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ইনামুল মোল্লাকে সাময়িকভাবে পদে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার অধিকতর তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এছাড়া ব্যক্তিবিশেষের অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায় দল বহন করবে না বলেও জানান এই রাজনৈতিক নেতা।

