বাংলাদেশি রোগীদের জন্য মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (এমএইচটিসি)।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের নেতৃত্বে এমএইচটিসির একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে। ১৭ থেকে ২০ আগস্ট বাংলাদেশে এমএইচটিসির কর্মসূচির অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার, রোগীদের জন্য প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ এবং বিশেষ চিকিৎসা প্যাকেজ চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোগী ও হাসপাতালের মধ্যে কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে জানানো হয়, বাংলাদেশি রোগীদের কাছ থেকে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ভ্রমণ খাতে আয় ২০২৫ সালের প্রথম প্রান্তিকের RM 2.2 million থেকে ২০২৬ সালের একই সময়ে RM 2.7 million-এ উন্নীত হয়েছে। অর্থাৎ এক বছরে এ খাতে আয় ২২.৭ শতাংশ বেড়েছে।
এ ছাড়া দুই দেশের চিকিৎসক ও হাসপাতালের মধ্যে জ্ঞান ও তথ্য বিনিময়, কারিগরি সহযোগিতা, দক্ষতা উন্নয়ন, বিশেষজ্ঞদের প্রশিক্ষণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
এমএইচটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ সুরিয়াগান্দি সুপ্পিয়াহ বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের অংশীদারত্বকে স্বাস্থ্যসেবা খাতে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার সময় এসেছে। চিকিৎসা ভ্রমণের পাশাপাশি দক্ষতা, মানদণ্ড ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করাই তাঁদের লক্ষ্য।

