নতুন প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। অভিনয় দক্ষতা ও স্বাভাবিক অভিনয়শৈলী দিয়ে ইতোমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তারা। সেই জনপ্রিয় জুটিকে এবার নতুন এক প্রেমের গল্প নিয়ে দেখা যাবে ‘মনের মতো মন’ নাটকে।
ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। ইয়াশ-নীহার পর্দার বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয়ের ওপর আস্থা রেখেই ভালোবাসা ও অনুভূতির ভিন্নধর্মী গল্প নিয়ে তৈরি করা হয়েছে নাটকটি।
গল্প ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় নীহাও যুক্ত হয়েছেন এই নাটকে। এতে ইয়াশ-নীহার পাশাপাশি অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পিসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই নাটকটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

