জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণভোটের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, “প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু তা করা হয়নি। বিএনপি মুখে এক কথা বললেও বাস্তবে বিপরীত কাজ করছে এবং তারা জুলাই সনদ ও গণভোটের বিপক্ষেই অবস্থান নিয়েছে।”
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। স্পিকার বা সংসদীয় ভোট ব্যবস্থার প্রসঙ্গে বলতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যদি সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকত, তবে এ পদটি আরও সম্মানিত ও মর্যাদাশীল হতো।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের নানা আশ্বাস দিলেও ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এ সময় তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের জোর তাগিদ জানান এবং কালবিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি উত্থাপন করেন।

