ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছিল, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছেন তিনি নিজেই। দীর্ঘ জল্পনা-কালের অবসান ঘটিয়ে সৌদি আরবের দৈনিক পত্রিকা ওকাজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা স্পষ্ট করেছেন যে তিনি ধর্ম পরিবর্তন করেননি।
সম্প্রতি মরক্কোর সফল নারী ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ৫৩ বছর বয়সী এই ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। স্ত্রীর ধর্মীয় অনুভূতি ও তাঁর মরোক্কান বন্ধুদের প্রতি সম্মান জানাতে ক্যাথলিক প্রথার পাশাপাশি ইসলামিক কিছু রীতিতেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখান থেকেই তাঁর ধর্মান্তরিত হওয়ার এবং ব্রাজিলের মুসলিম ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার কাছে কালেমা পাঠের খবরটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। কার্লোস বলেন, “ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে আমার ইসলাম গ্রহণের যে গুঞ্জন চারপাশে ঘুরছে, তা একেবারেই সত্য নয়।”
উল্লেখ্য, এটি বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় মুখ রবার্তো কার্লোসের তৃতীয় বিয়ে। এর আগে ২০০৩ সালে প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরো এবং ২০২৫ সালের শুরুতে ১৫ বছরের দীর্ঘ সংসারের পর দ্বিতীয় স্ত্রী মারিয়ানা লুকনের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। সব মিলিয়ে ৭ জন নারীর গর্ভে এই তারকা ফুটবলারের ১১টি সন্তান রয়েছে।

