রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা বাদীর আবেদন পর্যালোচনা ও জবানবন্দি গ্রহণ শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে উপস্থিত হয়ে এ মামলার আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি রেকর্ড করে সিদ্ধান্ত দেওয়ার জন্য আদেশ অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলার আরজিতে আইনি উপাদান এবং পর্যালোচনার মতো উপযুক্ত তথ্য-প্রমাণ না থাকায় আদালত তা সরাসরি খারিজের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে অন্তর্বর্তী সরকারের সাবেক একাধিক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দসহ মোট ২৭ জনকে আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের উসকানিতে কয়েক হাজার লোক লাঠিসোঁটা ও এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তবে প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি পাননি।

