বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় জাবিপ্রবি উপাচার্য বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ, সংগ্রাম ও আপসহীন ভূমিকা নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুকরণীয় দৃষ্টান্ত।” তিনি সাবেক এই সংসদ সদস্য ও সফল মন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন। উপাচার্য আশা প্রকাশ করেন যে, রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর পদায়ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক নতুন আশার আলো সঞ্চার করবে এবং উচ্চশিক্ষা, প্রগতিশীল গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিশেষ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
বার্তায় জাবিপ্রবি পরিবার—শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অর্পিত দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করা হয়। উল্লেখ্য, ২০ আগস্ট অনুষ্ঠিত জাতীয় সংসদ সদস্যদের ভোটে ২৫৫ ভোট পেয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

