নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় শোক ও সংহতি জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশের আমতলায় এ কর্মসূচির আয়োজন করে বাকৃবির ইন্টারন্যাশনাল ডেস্ক। এতে বিশ্ববিদ্যালয়ের নেপালি ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে নেপালের বন্যা ও ভূমিধসে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে নিহতদের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে নেপালি শিক্ষার্থীরা নিজ দেশের ভয়াবহ পরিস্থিতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক ও আর্থিক সহায়তার আহ্বান জানান তারা।
ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, নেপালের এই দুর্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। নেপালের সরকার ও জনগণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, নেপালের ভয়াবহ দুর্যোগে তারা গভীরভাবে সমব্যথী। কোনো শিক্ষার্থীর পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট বিভাগ তাদের পাশে থাকবে।

