সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগ তদন্তে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগের তালিকায় থাকা অন্য কর্মকর্তারা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সুবিধা ও ঘুষ গ্রহণ, মানিলন্ডারিং, বিদেশে অর্থ পাচার এবং অননুমোদিত বিটকয়েন লেনদেনের একাধিক অভিযোগ কমিশনে জমা পড়েছে। এ ছাড়া তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বেআইনি কাজ হাসিল, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ করার অভিযোগও ভুক্তভোগীরা তুলে ধরেছেন। অনুসন্ধান কমিটি এই সমন্বিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন দাখিল করবে।

