উৎসবমুখর পরিবেশ ও বিপুল মানুষের অংশগ্রহণে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুল রহমানের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম (স্বপন ফকির)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ এবং টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ধনবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ‘এগিয়ে যাও ধনবাড়ী’ ও ‘২০ বছরের অর্জন, আগামীর সম্ভাবনা’সহ বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ২০০৬ সালে ধনবাড়ী উপজেলা হিসেবে যাত্রা শুরু করে। উপজেলা প্রতিষ্ঠার আগে প্রয়োজনীয় বিভিন্ন কাজে ধনবাড়ীর মানুষকে মধুপুরে যেতে হতো। উপজেলা প্রতিষ্ঠার ফলে স্থানীয় মানুষের সেই দুর্ভোগ অনেকটাই কমেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে তিনি ধনবাড়ীর ঐক্য ও অগ্রগতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থী লাবনি আক্তার বলেন, ‘আমরা ধনবাড়ীর সন্তান। এই উপজেলার জন্য গর্ব হয়। আজকের মিছিলে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’
পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে ধনবাড়ীর দর্জি রোডে মনোমুগ্ধকর বাউল সন্ধ্যার আয়োজন করা হয়।
আনন্দ মিছিল ও র্যালিতে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ধনবাড়ী প্রতিনিধি
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

