চীনের বিপক্ষে ম্যাচ চলাকালে পায়ে চোট পেয়ে চলমান পুরুষদের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড মো. ইসমাইল হোসেন।
চিকিৎসকদের পরীক্ষায় ইসমাইলের বাঁ গোড়ালির ডিস্টাল ফিবুলায় ‘নন-ডিসপ্লেসড হেয়ারলাইন ফ্র্যাকচার’ শনাক্ত হয়েছে। অর্থাৎ হাড়ে সামান্য ফাটল ধরেছে। একই সঙ্গে তাঁর বাঁ হাঁটুতেও আঘাত লেগেছে।
ইতোমধ্যে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ইসমাইলের পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়া শুরু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। চিকিৎসকদের ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তাঁর প্রায় ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে।
ইসমাইলের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশের জন্য বাংলাদেশ স্কোয়াডে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে সাব্বির হোসেন কনককে দলে ডাকা হয়েছে।

