যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন ও চিকিৎসার মতো নির্দিষ্ট ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। তবে এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কিছু কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসায় অনুমোদিত নয়—এমন কয়েকটি কার্যক্রম তুলে ধরা হয়।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এই ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বার্থ ট্যুরিজম করা, অর্থাৎ শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে সন্তান জন্ম দেওয়া, কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা এবং ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা অনুমোদিত নয়। এছাড়া পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসার আওতাভুক্ত নয়।
যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য সাধারণত বি১ এবং পর্যটন ও চিকিৎসার মতো ভ্রমণের জন্য বি২ ভিসা দেওয়া হয়। দূতাবাসের বার্তায় ভ্রমণকারীদের ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদেরও সতর্ক করেছিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

