চীনের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশ-চীনের মধ্যে শিক্ষা ও একাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক সেল (আইএসএসি)-এর উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে চীনের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর, বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্ব এবং দুই দেশের মধ্যে একাডেমিক, কারিগরি, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে করোনা মহামারির সময় স্থগিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমজাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই। আলোচক হিসেবে ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রভাষক আকিব ইরফান। অনুষ্ঠানটি সমন্বয় করেন আইএসএসি’র আহ্বায়ক ও পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।
মূল প্রবন্ধে ড. ইয়াং হুই চীনের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশটির শিক্ষা ব্যবস্থায় প্রাক-প্রাথমিক, বাধ্যতামূলক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার পাশাপাশি বিশেষ ও অব্যাহত শিক্ষার ব্যবস্থাও রয়েছে। তিনি চীনের নয় বছর মেয়াদি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন।
বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুই দেশের শিক্ষা সহযোগিতার পাশাপাশি নির্বাচিত স্কুল ও বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদে এ কার্যক্রম টেকসই করতে স্থানীয় পর্যায়ে দক্ষ চীনা ভাষার শিক্ষক তৈরির প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা শুধু ভাষা শিক্ষায় সীমাবদ্ধ না রেখে কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, ডিজিটাল শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রেও সম্প্রসারণ করা সম্ভব। এ ক্ষেত্রে ‘চাইনিজ প্লাস’ কর্মসূচি চালুর প্রস্তাব দেন তিনি। এর মাধ্যমে চীনা ভাষার পাশাপাশি ব্যবসায়িক ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, চীনা ভাষা চালুর উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও বাহক। ব্যবসা, শিক্ষা, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে চীনা ভাষা শেখার গুরুত্ব দিন দিন বাড়ছে।
উপাচার্য জানান, কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় প্রাথমিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিন মাস মেয়াদি বেসিক চীনা ভাষা কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী কোর্সটি ১০ মাস বা এক বছর মেয়াদি করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে প্রস্তাবিত আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে একটি চাইনিজ স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে। এ সহযোগিতার আওতায় বিশ্ববিদ্যালয় শ্রেণিকক্ষ, অফিসসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা দেবে এবং কনফুসিয়াস ইনস্টিটিউট শিক্ষাদান উপকরণ ও শিক্ষকসহ প্রয়োজনীয় একাডেমিক সহযোগিতা দেবে।

