জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দৌড়’-এর তৈরি নতুন অফিসিয়াল সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। খেলোয়াড়ের নাম ও নম্বরসহ নিজস্ব পছন্দ অনুযায়ী জার্সি তৈরি করতে খরচ হবে ১ হাজার ৭০০ টাকা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের উপস্থিতিতে নতুন জার্সি উন্মোচন করা হয়।
জার্সির ধরন ও দাম
সাধারণ সমর্থকদের জন্য বাজারে আনা ‘ফ্যান এডিশন’ জার্সির দাম রাখা হয়েছে ৭০০ টাকা। ভবিষ্যতে এটির দাম সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে ‘দৌড়’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবিদ আলম জানান, উন্নতমানের কাপড়, দেশব্যাপী বণ্টন ও বিপণন ব্যয়ের কারণে আগের তুলনায় জার্সির দাম কিছুটা বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারের তুলনায় এই মূল্য অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং এটি বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী জাতীয় দলের জার্সি বলেও দাবি করেন তিনি।
বিক্রি ও আন্তর্জাতিক বাজার পরিকল্পনা
জার্সি বিক্রির নির্দিষ্ট একটি অংশ রয়্যালটি হিসেবে বাফুফে পাবে। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই রবি ও বাংলালিংকের মতো করপোরেট প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৫০০ জার্সির আগাম অর্ডার এসেছে। এ পর্যন্ত মোট বিক্রি হয়েছে প্রায় ৩৫ হাজার জার্সি।
সামনে ফিফা এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপ থাকায় আগামী ডিসেম্বরের মধ্যে ১ লাখ জার্সি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেশের পাশাপাশি বিদেশেও মিলবে জার্সি
‘দৌড়’-এর অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি দেশের বিভিন্ন ফিজিক্যাল আউটলেটেও পাওয়া যাবে জাতীয় দলের নতুন জার্সি। পাশাপাশি সিঙ্গাপুর, দক্ষিণ আমেরিকা এবং ফিফা মিউজিয়ামের দোকানেও জার্সি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উন্মোচনে দেরি, অপেক্ষায় তৃতীয় জার্সি
গত জুনেই নতুন জার্সি প্রস্তুত করা হলেও ভিআইপি অতিথিদের সময়সূচির কারণে আনুষ্ঠানিক উন্মোচনে কিছুটা বিলম্ব হয়। ইতোমধ্যে হোম ও অ্যাওয়ে জার্সি বাজারে এসেছে। তবে তৃতীয় জার্সিটি এখনও বাফুফের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে সাফ চ্যাম্পিয়নশিপের পর তৃতীয় নকশার জার্সি উন্মোচন করা হতে পারে।
হোম জার্সিতে বাংলা বর্ণমালার নকশা
শুভ্রতার ক্যানভাসে তৈরি করা হয়েছে বাংলাদেশ দলের নতুন হোম জার্সি। সাদা জার্সির কলার ও দুপাশে রয়েছে লালের নান্দনিক ছোঁয়া। পুরো কাপড়ের জমিনে ওয়াটারমার্কের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালার শৈল্পিক অবয়ব।
জার্সির বুকে রয়েছে বাফুফের লোগো এবং লাল হরফে মুদ্রিত নম্বর। হোম কিটের সঙ্গে খেলোয়াড়দের জন্য থাকছে লাল শর্টস ও সাদা মোজা।
অন্যদিকে, চিরায়ত লাল-সবুজের সংমিশ্রণে তৈরি করা হয়েছে অ্যাওয়ে জার্সি। মূল সবুজ রঙের ক্যানভাসে কাঁধের অংশে রয়েছে লালের স্ট্রাইপ। জার্সির সামনের অংশে এমবসড টেক্সচারে স্থান পেয়েছে বাংলা বর্ণ ও হরফের নকশা। এতে জার্সির নম্বর ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো রাখা হয়েছে সাদা রঙে। অ্যাওয়ে কিটের সঙ্গে খেলোয়াড়দের পরতে হবে সবুজ শর্টস ও সবুজ মোজা।

