ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তাকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে বলে জানান তিনি।
মক্কা প্যাক্ট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সরকার যেকোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কোনো জোট বা গ্রুপ বাংলাদেশের মানুষের স্বার্থে কতটা কার্যকর এবং দেশের জন্য কতটা উপকারী হবে, তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
শামা ওবায়েদ আরও বলেন, মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে যখন সিদ্ধান্তের সময় আসবে, তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবে।
মাদারীপুরের জেলা প্রশাসক নার্গিস আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফজলে এলাহীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

