ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা কলেজের বার্ষিক ভ্রমণে কক্সবাজার যাচ্ছিলেন। সোমবার রাতে চারটি বাসে করে তারা যাত্রা শুরু করেন। ভোরে বহরের একটি বাস জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত ৯ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

