বার্সেলোনায় ক্যারিয়ারের সেরা সময় কাটিয়ে ২০২১ সালে স্পেন ছাড়েন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেললেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট। এবার দেশটির আরেকটি ক্লাবের মালিক হতে যাচ্ছেন ফুটবলের এই মহাতারকা।
স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে কেনার বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। ইএসপিএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। এর আগে ক্লাবটির আর্থিক ও আইনি বিষয়গুলো যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নেওয়া হবে।
সব প্রক্রিয়া সম্পন্ন হলে এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। চলতি বছর তিনি পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়া কিনেছেন। কর্নেয়া আধা-পেশাদার দল হওয়ায় এলদেনসে হবে স্পেনে মেসির মালিকানাধীন প্রথম পেশাদার ক্লাব।
বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ার বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব রয়েছে প্রতিষ্ঠানটির। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের সারির লিগগুলোতেই খেলেছে।
১৯৬৪ সালের পর প্রথমবারের মতো ২০২৩ সালে স্পেনের দ্বিতীয় বিভাগে ওঠে এলদেনসে। তবে দুই মৌসুম পরই অবনমন ঘটে ক্লাবটির। চলতি গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরেছে দলটি।
তবে দ্বিতীয় বিভাগে ফিরেই কঠিন সময় পার করছে এলদেনসে। চলতি মৌসুমে চার ম্যাচ খেলেও এখনো কোনো জয় পায়নি দলটি। এরই মধ্যে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। নতুন কোচ ছাড়াই আপাতত ক্লাবটির কার্যক্রম চলছে।
ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের সঙ্গে দেশটির ক্লাব দেপোর্তিভো এলএসএমের মালিকানার সঙ্গেও আংশিকভাবে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী মেসি।
এলদেনসে ও কর্নেয়ার মালিকানা নিয়ে আপাতত বড় কোনো জটিলতার আশঙ্কা নেই। কারণ, স্প্যানিশ ফুটবলে দুই ক্লাবের মধ্যে তিন বিভাগের ব্যবধান রয়েছে। কর্নেয়া খেলছে পঞ্চম বিভাগে, আর এলদেনসে দ্বিতীয় বিভাগে।
তবে ভবিষ্যতে দুই দল একই বিভাগে উঠে এলে পরিস্থিতি বদলে যেতে পারে। মেসি যদি তখন দুই ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিক থাকেন, একই মালিকানাধীন দুটি দলকে একই বিভাগে খেলতে দেওয়া হবে কি না, তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
এলদেনসের ঘরের মাঠ নুয়েভো পেপিকো আমাতে দর্শক ধারণক্ষমতা ৫ হাজার ৭৭৬। চুক্তি চূড়ান্ত হলে মেসির মালিকানায় আসা এই ক্লাবটির সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।
সূত্র: ইএসপিএন

