রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে সমতায় ফিরেছে কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা রিয়াল প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে এটি রিয়ালের চতুর্থ জয়।
ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। আলভারো কারেরাসকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোলরক্ষক এমিল অডেরোকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।
এর মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এমবাপ্পের বাড়ানো বল পেয়ে বাম প্রান্ত থেকে জোরালো শটে রায়োর জালে বল পাঠান আলভারো কারেরাস।
৩৫ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন জুড বেলিংহাম। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল পেয়ে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার।
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। তবে তার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে লা লিগায় চলতি মৌসুমে গোলসংখ্যা ছয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয় তার।
দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে রায়ো ভায়েকানো। ৫৫ মিনিটের দিকে সার্জিও কামেয়োর গোলে ব্যবধান ৩-১ করে সফরকারীরা।
তবে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়ালই। যোগ করা সময়ে দূরের পোস্ট লক্ষ্য করে নিচু ও জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। তার গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এই জয়ে ঘরের মাঠে রায়োর বিপক্ষে নিজেদের আধিপত্য আরও শক্ত করেছে রিয়াল। রায়োর বিপক্ষে শেষ ১৫টি হোম ম্যাচের ১৪টিতেই জয় পেয়েছে তারা।
চার জয়ে রিয়ালের পয়েন্ট এখন বার্সেলোনার সমান। তবে বার্সেলোনা রোববার বাংলাদেশ সময় রাতে লেভান্তের বিপক্ষে জিতলে আবারও তিন পয়েন্টের ব্যবধান তৈরি হবে।

