ফেডারেশন কাপ ফুটবলের এবারের আসরের খেলা দেশের তিন ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। লিগ কমিটি অবশ্য আয়োজনের প্রস্তুতি গুছিয়ে রাখছে। গতকাল লিগ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করা হবে।
এবার ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে। পাশাপাশি ঢাকার জাতীয় স্টেডিয়ামে ছয়টি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। প্রায় পাঁচ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আবারও ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরতে যাচ্ছে।
জাতীয় স্টেডিয়ামে মোট সাতটি ম্যাচ হওয়ার কথা থাকলেও কোন কোন ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে, তা ফিকশ্চার ঘোষণার পরই চূড়ান্ত হবে।
এবারের ফেডারেশন কাপের ম্যাচ বসুন্ধরা কিংসের মাঠে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর কারণ জানতে চাইলে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানান, মাঠটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বিতর্ক এড়াতেই সেখানে ম্যাচ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ইমরুল হাসান নিজেই একটি ক্লাবের সভাপতি এবং একই সঙ্গে লিগ কমিটির চেয়ারম্যান হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েও ড্র অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ক্লাব কর্মকর্তার মধ্যে আলোচনা ও ফিসফাস শোনা যায়। একজন কর্মকর্তা মন্তব্য করেন, একই ব্যক্তি ক্লাবের সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান হওয়ায় বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি হতে পারে।
এদিকে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানেও কিছুটা ভিন্নতা দেখা যায়। শুরুতে সাংবাদিকদের দিয়ে ক্লাবের নাম তোলার বিষয়ে আপত্তি জানানো হয় এবং বলা হয়, ক্লাবের প্রতিনিধিরাই ড্রয়ের জন্য নাম তুলবেন। পরে অবশ্য সাংবাদিকদের দিয়েও ক্লাবের নাম তোলানো হয় এবং পরবর্তীতে ক্লাব প্রতিনিধিরাও ড্রয়ে অংশ নেন।
এবারের ফেডারেশন কাপের গ্রুপিংও চূড়ান্ত হয়েছে।
গ্রুপ-এ: আবাহনী, ফর্টিস এফসি, রহমতগঞ্জ, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি এফসি।
গ্রুপ-বি: বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, মোহামেডান, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

