কয়লাস্বল্পতার কারণে প্রায় এক মাস ধরে সীমিত উৎপাদনে থাকা ভারতের ঝাড়খন্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা দ্বিতীয় ইউনিট পুনরায় চালু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
তবে একই দিন কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন অর্ধেকেরও বেশি কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। কেন্দ্রটির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ত্রুটির কারণ শনাক্ত করে দ্রুত ইউনিটটি পুনরায় চালুর চেষ্টা চলছে। বর্তমানে কেন্দ্রটিতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে।
অন্যদিকে, ঝড়ের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় গত ৭ আগস্ট থেকে আদানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কমে যায়। পরে উৎপাদন কিছুটা বাড়লেও গত বুধবার রাতে একটি ইউনিটের বয়লারে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় কেন্দ্রটির উৎপাদন আবার কমে যায়। রোববার ভোরে মেরামতের কাজ শেষ হওয়ার পর দুপুর ১২টার দিকে ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
পিডিবি ও পিজিসিবি সূত্র জানায়, রোববার দুপুর ২টার দিকে আদানির দুটি ইউনিট মিলিয়ে বিদ্যুৎ সরবরাহ ১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।

