জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন লং মার্চের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, লং মার্চের নামে তেল-গ্যাস পুড়িয়ে দেশের ক্ষতি করা হয়েছে। একই সঙ্গে সংসদে এক ধরনের বক্তব্য এবং রাজপথে আরেক ধরনের বক্তব্য দেওয়াকে তিনি ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি এক সমাবেশে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, ‘রাস্তায় নামে, লং মার্চ করে তেল-গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদে। সংসদে আবার বলে যে এই তেল-গ্যাস সৃষ্ট সমস্যা বর্তমান সরকারের আমলে হয়নি—এটা আগের সরকারের জন্য হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাস্তায় নেমে মানুষকে ধোঁকা দিয়ে এত লাখ লাখ টাকার তেল-গ্যাস পুড়ে আমাদের বাংলাদেশকে তো ক্ষতিই করলেন।’
জামায়াতের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি রাস্তায় নেমে বক্তব্য দিলেন এক ধরনের, সংসদে আরেক ধরনের—এটা দ্বিমুখী আচরণ। বাংলাদেশের মানুষ আর আপনাদের কখনোই বাংলাদেশের পরিচালক হিসেবে দেখতে চায় না।’
এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তেল-গ্যাস ও বিদ্যুতের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে। ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চের পর ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লং মার্চের কর্মসূচি রয়েছে।

