কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তুহিন হোসেনকে (১৯) ঘিরে এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কোটবাড়ি-শালবন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে মোবাইল, মোটরসাইকেল ও টাকা-পয়সা ছিনতাইয়ের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, তুহিন একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং এলাকায় তার প্রভাব ছিল। দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ থাকলেও প্রভাবশালী কয়েকজনের আশ্রয়-প্রশ্রয় থাকায় অনেকে প্রকাশ্যে কথা বলতে সাহস করতেন না। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের হারিয়ে যাওয়া আইফোন উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার মো. নুরুল আলমের ছেলে। তিনি কুমিল্লা গভমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে ওই বছর তিনি পরীক্ষায় অংশ নেননি।
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেলে তুহিনকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছেন।
এদিকে শনিবার রাতে আসাদুল্লাহ সোহাগ নামে এক ব্যক্তি ফেসবুকে একটি অভিযোগের কপি প্রকাশ করে তুহিনের বিরুদ্ধে আগের একটি মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ তোলেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগের কপি অনুযায়ী, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি তুহিনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। অভিযোগকারী ছিলেন আসাদুল্লাহ সোহাগের পক্ষে তার মা মরিয়ম আক্তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে আসাদুল্লাহ সোহাগ দাবি করেন, তুহিন তাকে কৌশলে ডেকে নিয়ে তার মোটরসাইকেল ছিনতাই করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে জিডি গ্রহণ করেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
কোটবাড়ি-সানন্দা এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, সেখানে ‘ফ্লাইং বার্ড’ ও ‘কিংস অব কোটবাড়ি’সহ একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তাদের ভাষ্য, এসব গ্রুপের সদস্যরা বিভিন্ন সময়ে পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই করে থাকে। তুহিনেরও একটি গ্যাং রয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, পাহাড়ের টিলার ওপর তুহিনদের একটি খামার রয়েছে এবং সেখানেই অপ্রতিমকে মারধর করা হয়েছিল। তবে এ দাবির বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, অপ্রতিম হত্যাকাণ্ডের পুরো ঘটনা নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন কুমিল্লার পুলিশ সুপার। সেখানে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

