জানাজা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাগমারা কোটবাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ছেলের হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, ‘দ্রুত বিচার যাতে হয়, বর্তমান প্রশাসনের কাছে এইটা আমার চাওয়া। আমার ছেলের বয়স মাত্র ১৩ বছর। সে এই বয়সে কোনো ক্রাইম তো করবেই না, না কোনো প্রেমঘটিত কারণ থাকবে। সিসিটিভি ফুটেজ দেখে বুঝাই যাচ্ছে যে আনন্দে তাদের সঙ্গে যাচ্ছে।’
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার পেশায় ব্যবসায়ী। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সানন্দা পশ্চিমপাড়া লালমাই পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

