মাদক কেনার টাকা জোগাড় করতে ২০ মাস বয়সী নিজের কন্যাসন্তানকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে শিশুটির মায়ের ফোন পেয়ে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুটির মা সীমা (২৬) ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের জরুরি সহায়তা চান।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, সীমার স্বামী লোকমান হোসেন সাগর (২৭) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে পরিবারটির দাবি। নেশার টাকা জোগাড় করতে না পেরে তিনি তাঁদের ২০ মাস বয়সী কন্যাসন্তান ফাতেমা আক্তারকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে বাসা থেকে নিয়ে বের হন বলে অভিযোগ।
বিষয়টি জানতে পেরে সদরঘাট থানার রাত্রিকালীন মোবাইল টহল দল ‘স্পেশাল-২৪’ দ্রুত অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টা নগরের বিভিন্ন সম্ভাব্য স্থানে তল্লাশি চালানোর পর পশ্চিম মাদারবাড়ির যুগী চাঁদ মসজিদ লেইন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে রাতেই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধার অভিযানে শিশুটি অক্ষত ছিল বলে জানিয়েছে পুলিশ।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, শিশুটিকে নিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়। পরে মাদারবাড়ি এলাকা থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্তাধীন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

