রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে চলছে ৮ম ক্লেমন ইনডোর ইউনিভার্সিটি ক্রিকেট–২০২৬ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১২তম ম্যাচে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৯ রানে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটিকে আমন্ত্রণ জানায় স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নির্ধারিত ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪২ রানের সংগ্রহ দাঁড় করায় সোনারগাঁও ইউনিভার্সিটি। জয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। ফলে ৯ রানের জয় পায় সোনারগাঁও ইউনিভার্সিটি।
ম্যাচে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সোনারগাঁও ইউনিভার্সিটির খেলোয়াড় আশরাফুল নির্বাচিত হন ম্যাচসেরা। ম্যাচ শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপ–উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ এবং রেজিস্ট্রার এস, এম, নূরুল হুদা।

