মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের সময় মক্কা নগরীতে তার মৃত্যু হয়। হারামাইন শরীফাইনের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তার ইন্তেকালের খবর জানানো হয়েছে।
শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়াহর অন্যতম সদস্য ছিলেন। মসজিদুল হারামে নিয়মিত ২৪ জন মুয়াজ্জিন দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান এবং ফজরের প্রথম আজান দেওয়ার দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম মাদানি বিশেষভাবে ফজরের আজান ও তাকবির দেওয়ার জন্য পরিচিত ছিলেন।
জানা যায়, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।
শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়।
পরবর্তী সময়ে ১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। এরপর ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
দীর্ঘদিন মসজিদুল হারামে আজান ও তাকবিরের দায়িত্ব পালন করা এই প্রবীণ মুয়াজ্জিনের মৃত্যুতে সৌদি আরবসহ বিশ্বের মুসলিমদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

