দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে এক হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট এক লাখ ৮১ হাজার ৩৫ জনের মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ৫৩ হাজার ৪৪৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

