সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তারা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন।
এর ফলে মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে সোমবার রাতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনেও তালা ঝুলিয়ে দেন।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এদিকে সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষক সমিতির সাধারণ সভায় সদ্য সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
সোমবারের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। উপাচার্য নিয়োগ ও পুনর্বহাল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

