রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা লেকে মরদেহ ভাসতে দেখে খবর দিলে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। জাভেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন।
পুলিশের কাছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জাভেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ছিলেন। তবে তিনি কীভাবে লেকে পৌঁছান এবং মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

