মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি সড়কসংলগ্ন একটি আবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কেসি সড়ক দিয়ে যাতায়াতের সময় তারা ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে আশপাশে খোঁজ নিয়ে জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিল্টন দত্ত জানান, ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করলে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

