দেশব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয়সহ সার্বিক বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, ভাড়া বৃদ্ধি কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতা করার সুযোগ দেওয়া হয়নি বলেও জানান তিনি।
এর আগে বুধবার সকালে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়েছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই সড়ক ও নৌপথের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের এ সিদ্ধান্ত নেওয়া হলো।

