মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক প্রবাসীকে ইন্দোনেশিয়ায় নিয়ে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে মোস্তাকিম মিয়া ওপেল (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নরসিংদীর মাধবদী-কান্দাইল বাসস্ট্যান্ড থেকে মাধবদী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্র জানায়, প্রবাসীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে ২০২৫ সালের ১১ নভেম্বর মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে যশোরের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় ওপেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নরসিংদীর মাধবদী থানার কান্দাইল এলাকার মোল্লাপাড়ার বাসিন্দা।
মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী জসীম উদ্দীন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। তাকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরিতে পাঠানোর কথা বলে আট লাখ টাকার চুক্তি করা হয়। এর মধ্যে মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি আসামিদের চার লাখ ৯০ হাজার টাকা দেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
পরে জসীম উদ্দীনকে মালয়েশিয়া থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় পাঠানো হয়। সেখানে একটি অজ্ঞাত স্থানে তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন এবং মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনদের কাছ থেকে দুটি ব্যাংক হিসাবে মোট ১৬ লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগ রয়েছে।
সিআইডির তদন্তে ওই দুই ব্যাংক হিসাবের সূত্র ধরে ইয়াসিন (২৫) ও হুমায়ুন (৩৮) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, তারা আদালতে দেওয়া জবানবন্দিতে পলাতক আসামি আতিকুর হাসানের নাম উল্লেখ করেন।
তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক আতিকুর হাসান মালয়েশিয়া থেকে মানব পাচারের অর্থ ওই দুই ব্যাংক হিসাবে পাঠাতেন এবং দেশে তার ভাই মোস্তাকিম মিয়া ওপেল তা গ্রহণ করতেন। তদন্তে মানব পাচারের অর্থনৈতিক লেনদেনে ওপেল দেশীয় এজেন্ট হিসেবে কাজ করতেন বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের পর ওপেলকে যশোর সিআইডি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু তথ্য দিয়েছেন। তার নাম-ঠিকানা যাচাইসহ মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন—এমন আশঙ্কার কথা উল্লেখ করে আদালতে তার জামিনের বিরোধিতা করেছে সিআইডি।

