ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে রয়েল পরিবহনের একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তাদের কারও গুরুতর ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, দুর্ঘটনার পর বাসটি সড়কের মাঝপথে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

