রংপুরের পীরগাছায় পারিবারিক বিরোধের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হাসানুর রহমানের (২২) বিরুদ্ধে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মাহাবুর হোসেন ওরফে মহুবর রহমান (৫৫)।
নিহত মহুবর রহমান ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে হাসানুরের বিয়ে হয়। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের সম্পর্কের টানাপোড়েন চলছিল।
ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। তবে হাসানুর তাদের ঘরে বসতে দেওয়া কিংবা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে বাবা মহুবর রহমান ছেলেকে শাশুড়িকে সম্মান জানাতে এবং অতিথিদের সঙ্গে নিয়ে খাবার খেতে বলেন। কিন্তু হাসানুর বাবার কথা অমান্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে বাবা তাকে চড় মারেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, শাশুড়ির সামনে বাবার হাতে চড় খেয়ে ক্ষুব্ধ হাসানুর ঘর থেকে ধারালো চাকু এনে বাবার বুকে আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মহুবর রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হাসানুর পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

