গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর ও সুকুসি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকা, শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত ছয় ঘণ্টা এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের সংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

