শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী চিত্রনায়ক জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এই আর্থিক সহায়তা ফিরিয়ে দেন তিনি।
রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য কয়েক দিন আগে এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। তবে টাকা তার হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জায়েদ খানের আর্থিক সহায়তার খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিফাত চৌধুরী।
শুক্রবার রাতে রিফাত জানান, তিনি শুনেছেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। তবে টাকা তার হাতে পৌঁছায়নি এবং বিষয়টি সম্পর্কেও তাকে নিশ্চিতভাবে জানানো হয়নি।
এর আগে এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। পরে জানা যায়, জায়েদ খান তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শনিবার সেই টাকা পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করেননি রিফাত।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে শয্যা না পেয়ে কয়েক দিন মেঝেতে থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
অভিনয়েও রয়েছে তার পরিচিতি। ‘সিক্সটি নাইন’ নাটকের ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাসহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।

