রাজধানীর বনানীতে একটি ২৬ তলা বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে।

