ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন উপলক্ষে তাকে বিশেষ উপহার দিয়েছেন মা অপু বিশ্বাস। জন্মদিনকে আরও স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছেন ঢালিউড কুইন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অপু বিশ্বাস। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় মা ও ছেলেকে। অপুর পরনে ছিল গোলাপি কাজের সালোয়ার-কামিজ ও চোখে রোদচশমা। অন্যদিকে জয় কালো টি-শার্ট, কালো প্যান্ট, রোদচশমা ও মুখে কালো মাস্ক পরেছিল।
ছবিটি শেয়ার করে ভালোবাসার ইমোজি যুক্ত করে অপু বিশ্বাস ক্যাপশনে লেখেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ’। মায়ের এমন বিশেষ আয়োজন ঘিরে ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে আগ্রহ।
এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) ছেলের জন্মদিনের প্রথম প্রহরে আবেগঘন শুভেচ্ছাবার্তা দেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়কে নিয়ে তোলা কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না বাবা শাকিব খানও। ছেলের কালো কটি ও কালো পাঞ্জাবি পরা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
উল্লেখ্য, ২০০৮ সালে বিয়ের পর নিজেদের দাম্পত্যজীবনের বিষয়টি দীর্ঘদিন গোপন রেখেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ক্যারিয়ারের কারণে তারা বিয়ের খবর প্রকাশ্যে আনেননি।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। পরবর্তী সময়ে ২০১৭ সালের ১০ এপ্রিল টেলিভিশনে সরাসরি সম্প্রচারে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ করেন অপু বিশ্বাস। ওই ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকেই শাকিব-অপুত্র জয় ভক্ত ও নেটিজেনদের কাছে জনপ্রিয় এক পরিচিত মুখ।

