রাজধানীর মিরপুরে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেটে ঢাকা মহানগর পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এ সময় সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত আমির বলেন, মিরপুরের সংশ্লিষ্ট সংসদীয় আসনের জনগণ তাকে নির্বাচিত করেছেন। তাই জনগণের সুবিধা-অসুবিধাসংক্রান্ত কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।
তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে, সে জন্য বাস্তবভিত্তিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তার দাবি, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে চাঁদা নিয়ে ফুটপাতে ব্যবসার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে বলেও তিনি মন্তব্য করেন।
শফিকুর রহমান আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে সমন্বিত ও টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সমস্যার সমাধান অবশ্যই নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক হতে হবে—কাউকে অযথা ক্ষতিগ্রস্ত করে নয়।

