বৃহস্পতিবার তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসারও সমন্বিতভাবে কাজ করবে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন এজেন্সি সমন্বিতভাবে অভিযান পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে, যেখানে আনসার ব্যাটালিয়নও অন্তর্ভুক্ত থাকবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
আপারেশন ক্লিন হার্ট চালানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, এটি নিয়মিত কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের মতো অপরাধ দমনের জন্য বাহিনীসমূহের সমন্বয় সবসময় থাকে। সামনে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
ডিসেম্বর ঘিরে অস্থিরতার আশঙ্কা নিয়ে প্রশ্নে তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস এবং কোনো অপশক্তি এই মাসে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন না।
আগের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে নাশকতার পরিকল্পনা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে অবহেলার বিষয়গুলো নজরে এলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, শুধু প্রত্যাহার করে ক্ষান্ত হওয়ার পরিকল্পনা নেই, বরং বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং গ্রহণ করা হচ্ছে এবং ক্রিমিনাল অফেন্স হলে অভিযোগ আনা হচ্ছে।
তেজগাঁওয়ে আনসার সদর দপ্তরের জন্য প্রায় ৩.৪৫ একর বা ১১ বিঘা জমি বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল আনসারের জন্য একটি পরিকল্পিত জায়গায় সদর দপ্তর স্থাপন করা, যা আজ পূরণ হয়েছে।

